Saturday, October 1, 2011

৭৩. সুরা মুজ্জাম্মিল


রুকু: আয়াত: ২০

পরম করুনাময় পরম দয়াময় আল্লাহর নামে শুরু

১. ওহে, তুমি যে কিনা নিজেকে চাদরে জড়িয়ে রেখেছ!
২. তুমি রাত্রিতে প্রার্থনার জন্য দাঁড়াও, রাত্রির কিছু অংশ বাদ দিয়ে,
৩. অর্ধেক অথবা তার কিছু কম
৪. বা বেশী্। তুমি কোরআন আবৃত্তি কর ধীরে ধীরে, স্পষ্ট ও সুন্দরভাবে,
৫. আমি তোমাদের কাছে এক গুরুত্বপূর্ন বাণী অবতীর্ন করতে যাচ্ছি।
৬. রাত্রিতে উঠে উপাসনা মনোনিবেশ ও হৃদয়ঙ্গম করার পক্ষে উপযুক্ত।
৭. দিনে নিশ্চয় তোমাদের কর্মব্যস্ততা রয়েছে।
৮. সুতরাং তুমি তোমার প্রতিপালকের নাম স্মরন কর আর একনিষ্ঠভাবে তাঁর কাছে আত্মনিবেদন কর।
৯. তিনি উদয়াচল ও অস্তাচলের প্রতিপালক, তিনি ছাড়া কোন উপাস্য নেই, অতএব তুমি তাঁকেই কর্মবিধায়করূপে গ্রহন কর।
১০. লোকে যা বলে তাতে তুমি ধৈর্য ধরো, আর সৌজন্য সহকারে ওদেরকে এড়িয়ে চল।
১১. বিলাসবস্তুর অধিকারী অবিশ্বাসীদেরকে আমার হাতে ছেড়ে দাও।
১২. আমার কাছে আছে শিকল, জ্বলন্ত আগুন,
১৩. গলায় আটকে যায় এমন খাবার আর কঠিন শাস্তি।
১৪. সেদিন পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতগুলো হবে চলমান বালির ঢিপি।
১৫. আমি তোমাদের কাছে পাঠিয়েছি এক রসুল তোমাদের সাক্ষীরূপে যেমন রসুল পাঠিয়েছিলাম ফেরাউনের কাছে,
১৬. কিন্তু ফেরাউন সে রসুলকে অমান্য করেছিল, যার জন্য আমি তাকে কঠিন শাস্তি দিয়েছিলাম।
১৭. অতএব তোমরা কি করে আত্মরক্ষা করবে যদি তোমরা সেই দিনকে অস্বীকার কর, যে-দিন তরুনকে করবে বৃদ্ধ,
১৮. আর যে-দিন আকাশ হবে বিদীর্ন? তাঁর ঘোষিত প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে।
১৯. নিশ্চয় এ এক অনুশাসন। অতএব যার ইচ্ছা সে তার প্রতিপালকের পথ অনুসরন করুক।


২০. তোমার প্রতিপালক তো জানেন তুমি কখনও রাত্রির প্রায় তিনের দুইভাগ, কখনও অর্ধেক, আবার কখনও তিনের একভাগ জেগে থাক। আর তোমার সঙ্গীদের একটি দলও জেগে থাকে। আল্লাহই দিন ও রাত্রির সঠিক হিসাব রাখেন। তিনি জানেন যে, তোমরা এর সঠিক হিসাব রাখতে পারবেনা। সেজন্য আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাপরবশ। তাই কোরআনের যতটুকু আবৃত্তি করা তোমাদের পক্ষে সহজ ততটুকু আবৃত্তি কর। আল্লাহতো জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্হ হয়ে পড়বে, কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে সফরে যাবে, আর কেউ কেউ আল্লাহর পথে সংগ্রামে ব্যস্ত থাকবে; কাজেই কোরআন থেকে যতটুকু আবৃত্তি করা তোমাদের জন্য সহজ তোমরা ততটুকু আবৃত্তি কর। তোমরা নামাজ কায়েম কর, যাকাত দাও আর আল্লাহকে দাও উত্তম ঋণ। তোমাদের আত্মার মঙ্গলের জন্য তোমরা যা কিছু ভাল আগে পাঠাবে, পরিবর্তে তোমরা তার চেয়ে আরও ভাল ও বড় পুরুষ্কার পাবে আল্লাহর কাছ থেকে। আর তোমরা ক্ষমা প্রার্থনা কর আল্লাহর কাছে। আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু।


No comments:

Post a Comment